‘নিউ ব্যারাকপুর কলোনি গার্লস হাই স্কুল’- এই নামকরণই বিদ্যালয়ের জীবন ইতিহাসের প্রাথমিক স্বাক্ষ্য বহন করে।
দেশভাগের পর যন্ত্রণাক্লিষ্ট, সহায়-সম্বলহীন উদ্বাস্তু পরিবারগুলির কচিকাঁচাদের যথার্থ মানুষ এবং সুনাগরিক রূপে গড়ে তোলার লক্ষ্যে আত্মপ্রকাশ করেছিল ‘নিউ ব্যারাকপুর কলোনি গার্লস হাই স্কুল’।

To carry on educational work among the masses of the locality – এই সংকল্প নিয়ে নিউ ব্যারাকপুরের শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের সহায়তায়, নিউব্যারাকপুর জনপদ এর রূপকার প্রবাদ প্রতীম হরিপদ বিশ্বাসমহাশয়ের ঐকান্তিক প্রচেষ্টায়, তখনকার নিউ ব্যারাকপুর কো – অপারেটিভ কলোনি সোসাইটি লিমিটেড (বর্তমানে – নিউ ব্যারাকপুর কো – অপারেটিভ হোমস লিমিটেড ) – এর তত্ত্বাবধানে, মাননীয় ফজলুল হক মহাশয়ের মায়ের দেওয়া সামান্য একটু জমিতে টিনের চালের বিদ্যালয়গৃহ নিয়ে ১৯৫০ সালের ৩রা ডিসেম্বর গড়ে উঠেছিল ‘ মধ্য ইংরাজী বালিকা বিদ্যালয়’ , যার ভিত্তি প্রস্তর স্থাপিত হয়েছিল-১৫/১০/১৯৫০ – এ।

অতঃপর ১৯৫১ সালের ৩রা জানুয়ারী একই বিদ্যালয়গৃহে ২৭ জন ছাত্রী এবং ৫২ জন ছাত্র নিয়ে যুগ্মভাবে শুরু হয় ‘নব বারাকপুর বালক বালিকা উচ্চ বিদ্যালয়’। ১১ই ফেব্রুয়ারী ১৯৫০ থেকে একই বাড়ীতে সকালে বালিকা বিভাগ এবং দুপুরে বালক বিভাগ পৃথকভাবে চলতে থাকে। ০১.০১.১৯৫২ সালে সরকারি অনুমোদন লাভ করে প্রস্ফুটিত হয় –‘নিউ ব্যারাকপুর কলোনি গার্লস হাই স্কুল’। শুরু হল বিদ্যালয়ের পথ চলা, কথা বলা –
এই জনপদের জীবন সংগ্রামে অঙ্গীকারবদ্ধ মানুষের সার্বিক প্রচেষ্টা ও স্বপ্নের ফসল – ‘নিউ ব্যারাকপুর কলোনি গার্লস হাই স্কুল’ আজ নিউ ব্যারাকপুরের ঐতিহ্যের কণককিরীট এবং উত্তর ২৪ পরগনা জেলার নারী শিক্ষার মানচিত্রে এক উজ্জ্বল নক্ষত্র।।


